বরিশাল প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে সাকুরা পরিবহন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৪ জন।
আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতাল ও বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের পাচু খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সুত্রে জানা যায় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব, ১১-৫৬৩৩) এর সাথে গৌরনদী থেকে ইচলাদীগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের ইউসুফ হোসেন হাওলাদারের ছেলে ট্রলির হেলপার রুবেল হাওলাদার (২৩) ও একই গ্রামের আয়নাল কবিরাজের ছেলে ট্রলি চালক সোহরাব কবিরাজ(২৭)।
মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রলি গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং সাকুরা পরিবহন রাস্তার পাশে গাছের উপর পড়ে গিয়ে বাসটির সামনের অংশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তবে অতিরিক্ত কুয়াশাচ্ছন্ন থাকার কারনে এ সড়ক দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, এসআই মেহেদী হাসান মিলনসহ পুলিশের টিম ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

