জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে কাঁচি প্রতীকের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী- সমর্থকেরা সড়কে বাঁশ ও কলাগাছ ফেলে অবরোধ করেন। প্রায় ৪০ মিনিট ওই সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে পৌঁছার পর অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়কের অবরোধ তুলে নেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের উপজেলার জামালগঞ্জ পাঁচমাথা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে ক্ষেতলাল চৌমুহনী বাজারে কাঁচি প্রতীকের পথসভা ছিল। আক্কেলপুর উপজেলার কয়েকটি গ্রামের কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা ভ্যানযোগে মিছিল নিয়ে ওই পথসভায় যোগদান করতে যাচ্ছিলেন। মিছিলটি বিকেল চারটার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালগঞ্জ পাঁচমাথা সড়কের মোড়ে পৌঁছায়। সেখানে নৌকার কর্মী-সমর্থকেরা কাঁচি প্রতীকের মিছিলে হামলা করেন। হামলায় কাঁচি প্রতীকের ৩-৪ জন কর্মী-সমর্থক আহত হন। এসময় ফাঁকাগুলির শব্দ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মিছিলে হামলার প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ইটভাটার সামনে বাঁশ ও কলাগাছ ফেলে সড়কের ওপর বসে পড়েন। এসময় প্রায় ৪০ মিনিট সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পুলিশ-বিজিবি আসার পর হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়কের অবরোধ তুলে নেন। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কাঁচি প্রতীকের প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর চাচাতো ভাই রেজোয়ান চৌধুরী বলেন, আজ বৃহস্পতিবার বিকেল ক্ষেতলালের চৌমুহনী বাজারে আমাদের কাঁচি প্রতীকের পথসভা ছিল। আমরা ভ্যানযোগে মিছিল নিয়ে ওই পথসভায় যোগদান করতে যাচ্ছিলাম। বিকেল চারটার দিকে জামালগঞ্জ পাঁচমাথায় নৌকা প্রতীকের কর্মী রুকিন্দীপুর ইউপির সদস্য বিপুল চন্দ্র ঘোষের নেতৃত্বে আমাদের মিছিলে সশস্ত্র হামলা করা হয়। এতে আমাদের ১০-১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এঘটনায় আমরা সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছি। পুলিশ এসে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নিয়েছি।
রুকিন্দীপুর ইউপির সদস্য বিপুল চন্দ্র ঘোষ কাঁচি প্রতীকের মিছিলে কোনো হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমানসহ ১০০-১৫০ জন লোকজন রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুপুরের খাওয়া-দাওয়া করেন। এরপর তাঁরা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে যাচ্ছিলেন। এসময় কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে ভ্যানযোগে যাচ্ছিলেন। আমরা নৌকার স্লোগান দিচ্ছিলাম। কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা আমাদের ওপর ইটপাটকেল ছোঁড়েন। আমাদের কয়েক জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, কাঁচি প্রতীকের মিছিলে হামলা করা হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। এঘটনার প্রতিবাদে কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করেছিল। পুলিশ যাওয়ার পর কাঁচি প্রতীকের কর্মী-সমর্থকেরা সড়কের অবরোধ তুলে নিয়েছেন।

