ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

0
ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

বাংলাদেশ প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে চরশিহারি গ্রামের আব্দুল কদ্দুস তালুকদারের ছেলে অটোরিকশাচালক তসলিম মিয়া (২৮), ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (২০) ও নশতি গ্রামের জাহানারা বেগম (৩৫)

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে লক্ষীগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা ময়মনসিংগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় অটোচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুজন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম মারা যান।

ট্রাকচালককে আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশে কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।