বাংলাদেশ প্রতিবেদক: জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করে আদালত ছেড়েছেন অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাতকারী, কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’। একইসাথে সাত দিনের মধ্যে বাজার থেকে ‘ব্লু’ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (২৮ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা আদালতে ছিলেন রাফসান।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আগামী সাত দিনের মধ্যে কোমল পানীয় ‘ব্লু’-এর সব মালামাল তুলে নেবে এবং এ ধরনের ব্যবসা তারা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।
ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো: কামরুল হাসান এ মামলা করেন। সেই পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ মামলায় ইফতেখার রাফসান গত ২৬ জুন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন পান তিনি।

