শাহজাদপুরে আন্তঃজেলা অটোবাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৬

0
শাহজাদপুরে আন্তঃজেলা অটোবাইক ছিনতাই চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৬

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোবাইক ছিনতাইকারী দলের মূল হোতা আশরাফুল মিয়া সহ সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আছলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ১১ নভেম্বর সোমবার রাত ১২টার দিকে শাহজাদপুর পৌরসভার মনিরামপুর বাজারের সিরাজ প্লাজার আবাসিক হোটেলে অবস্থান করা উত্তরবঙ্গের অটোবাইক ছিনতাই চক্রের মাস্টার মাইন্ড আশরাফুল মিয়া (৩০) ও তার অনতম সহযোগী মো: শামীম (৩২) কে আটক করে।

পরে আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শাহ আলম (৩৫) , আবু সাঈদ (৪৪), জুলমত আলী (৪২) ও জিয়াউর রহমান (৪২) নামে আরও ৪ জনকে আটক করা হয়। এসময় পুলিশ সিরাজগঞ্জ সদর থানার একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া দুইটি অটোবাইক উদ্ধার করে।

মঙ্গলবার ১২ নভেম্বর সকাল ১১ টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলি তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক আশরাফুল মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে শাহজাদপুর থানা সহ উত্তরবঙ্গের বিভিন্ন থানায় অটোবাইক ছিনতাই করে আসছিল। এসময় তিনি জানান, সংঘবদ্ধ চক্র প্রথমে যাত্রীবেশে অটোবাইক ভাড়া করে। পরে কৌশলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে অটোবাইকের চালককে খাওয়ায়। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে নির্জন এলাকায় তাকে ফেলে দিয়ে অটোবাইক ছিনতাই করে পালিয়ে যায়।

জানা গেছে , ছিনতাইকারী চক্রের মূল হোতা আশরাফুল মিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার খোলসাপুর গ্রামের আব্দুস ছাত্তার, মো: শামীম নীলফামারী জেলার সৈয়দপুর থানার মন্টু মিয়া, শাহ আলম শাহজাদপুর উপজেলার দত্তদরতা গ্রামের ইউসুফ মোল্লা, আবু সাঈদ উপজেলার চরজামিরতা গ্রামের মৃত ছানোয়ার হোসেনের, জুলমত আলি উপজেলার কাংলাকান্দা গ্রামের আব্দুর রশীদের এবং জিয়াউর রহমান সিরাজগঞ্জ সদর থানার হরিপুর গ্রামের মৃত ইউনুস আলির ছেলে। এ ঘটনায় থানার মামলা দায়ের করা হয়েছে।