বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নলুয়া গ্রামের নিজ দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর রইচ উদ্দিন (৬০) নামে এক মুদি দোকানির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নলুয়া বটতলার ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বিকেলে ডোবার ধারে বন কাটতে গিয়ে একই গ্রামের তাহেজ ফকির গলিত লাশ দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গলিত লাশ উদ্ধার করে নিয়ে আসে। লাশ পুরোপুরি গলে যাওয়ার কারণে চেনা না গেলেও নিখোঁজ ব্যবসায়ী রইচ উদ্দিনের একটি হাতের আঙুল ৬টি হওয়ার ফলে তার বড়ভাই আব্দুল মজিদ লাশটি সনাক্ত করেন।
নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, গত ৩ নভেম্বর রাতে নিজ দোকান বাড়ি যাওয়ার পথে সে রহস্যজনক ভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় গত ৮ নভেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, রইচ উদ্দিনকে হত্যা করে খালের ধারে ফেলে রাখা হয়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলি জানান, লাশটি গলে যাওয়ার ফলে সনাক্ত করা কঠিন। তবে নিখোঁজ রইচ উদ্দিনের পরিবারের লোকজন লাশের বাম হাতের ৬ আঙুল দেখে দাবি করছেন এটাই রইচ উদ্দিনের লাশ। ডিএনএ টেস্ট করে লাশের আসল পরিচয় নিশ্চিত করা হবে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে ওসি আছলাম আলি জানান, রইচ উদ্দিনকে হত্যা করে তার লাশ ওই ডোবায় ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এদিকে নিখোঁজের ১৫ দিন পর ব্যবসায়ী রইচ উদ্দিন লাশ পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

