আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের বাসাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার কামারচর গ্রামের মৃত মোনছের মণ্ডলের ছেলে আমজাদ মন্ডল (৫০), আমজাদের দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাতুল মন্ডল (২৪)। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিল আমজাদ ও তার পরিবারের সদস্যরা।
সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হয়। আহত হয় নারী ও শিশুসহ তিনজন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

