কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” এর উদ্যোগে সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে তিন শতাধিক কৃঞ্চচুড়া, রাধা চুড়া,সোনালু,অর্জুন সহ বিভিন্ন প্রকার ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের ইউসুফ পুর লেকে এ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, মহিপুর এসআরএসবিএস সমিতির সভাপতি মোঃ সোহাগ হাওলাদার, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি, পর্যটন ও উন্নয়ন বিষয়ক ম্যাগাজিন “আলোকিত কুয়াকাটা”র প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আনু, বাতিঘর এর সহ সভাপতি রফিকুল ইসলাম মন্টু, বাতিঘরের সভাপতি মোঃ ইলিয়াস রেজা, হস্ত শিল্পী আঃ ছত্তার ফকির সহ আরো অনেকে।
সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ বলেন, বাতিঘর সংগঠনের সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচী একটি অনন্য উদ্যোগ।এটি অতন্ত্য ভালো কাজ। এ ধরনের ভালো কাজে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।
বাতিঘর সংগঠনের সহ সভাপতি ও আলোকিত কুয়াকাটা’র সম্পাদক আনেয়ার হোসেন আনু জানান,বৃক্ষ রোপণ, পরিস্কার পরিচ্ছন্নতা, মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা সহ “সবুজ গ্রাম সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ” এমন স্লোগান কে সামনে “বাতিঘর” সংগঠনটি সমুদ্র উপকূলে নানা সামাজিক কাজের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সবুজায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি হাতে নিয়েছে বাতিঘর এর সদস্যরা। সংগঠনটি অন্ধকারে আলোর দিশারী হিসেবে কাজ করে যাচ্ছে। এমন সামাজিক কাজে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর” এর সভাপতি ইলিয়াস রেজা বলেন, নিজ অর্থায়নে সংগঠনের সদস্যরা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন। আমরণ চালিয়ে যাবেন। তিনি আরো বলেন, আমাদের ধারাবাহিক সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিয়েছি। যা চলমান থাকবে।

