বিমল কুন্ডুঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া -নগরবাড়ি মহাসড়কে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করার সময় গাছের সাথে ধাক্কা লেগে রূহান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । রোববার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার টেটিয়ারকান্দা গ্রাম সংলগ্ন বগুড়া- নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাদশা নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছে।
নিহত মোটরসাইকেল আরোহী রুহান সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বাসিন্দা এবং আহত বাদশা একই উপজেলার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টি মোটরসাইকেলে কয়েকজন যুবক উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতিতে ছুটছিল। একপর্যায়ে মোটরসাইকেল তিনটি শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে একে অন্যের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই রুহান নিহত হয় । পরে স্থানীয়রা গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যায় । অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।
এ বিষয়ে শরীয়তপুর থানার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।

