কলাপাড়া প্রতিনিধি : বঙ্গোপসাগরের গভীরে চলছিলো কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর নামের একটি লাইটারেজ জাহাজ। আর এমন সময় ওই জাহাজে সাগর থেকে লাফিয়ে লাফিয়ে উঠছিলো মনকে মন ইলিশ। পরে আবার ইলিশ গুলো লাফিয়ে সাগরে পড়ে গেলেও সেখান থেকে ৩ মন ইলিশ সংগ্রহ করেছেন ওই জাহাজের শ্রমিকরা।
এ এঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িছে। অভাবনীয় এ ঘটনাটি গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার ৭০ কিলোমিটার গভীরে ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন। তিনি জানান, তারা কায়লাবাহী জাহাজটি নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দিকে আসছিলেন। এর আগে তারা কোনদিন এমন অবিশ্বাস্য ঘটনার স্বাক্ষী হননি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অপু সাহা বলেন, যখন সমুদ্রে বা নদীতে ইলিশের ঝাঁক চলে আসে তখন কোন জাহাজ বা ইঞ্জিনচালিত কোন যান ইলিশের যাকের সামনে পড়লে এরকমের ঘটনা ঘটে।আমিও তার বাস্তব স্বাক্ষী।এ থেকে বুঝা যাচ্ছে সাগরে পর্যাপ্ত ইলিশ রয়েছে।

