চাঁপাইনবাবগঞ্জের তিন সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0
চাঁপাইনবাবগঞ্জের তিন সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফেরদৌস সিহানুক শান্ত: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ৬ জন এবং চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে ৫ জন করে প্রার্থী রয়েছেন।

সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এবারের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার কোনো আসনেই স্বতন্ত্র প্রার্থী নেই।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে প্রার্থীরা

এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। এছাড়া জাতীয় পার্টির আফজাল হোসেন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান। এছাড়াও জাতীয় পার্টির মু. খুরশিদ আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল মনোনয়নপত্র দাখিল করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থীরা

এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ এবং জামায়াতের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার আমীর মো. নূরুল ইসলাম। পাশাপাশি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. ফজলুর ইসলাম খাঁন, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।