জি. এম. মিন্টুঃ আসন্ন গণভোট ২০২৬ সফল করতে যশোরে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় যশোরের আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘ইমাম সমাজ আমাদের সমাজে সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য একটি শক্তি। তাঁদের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে গণভোট আরও সুন্দর ও সফল হবে’।
জেলা প্রশাসক আরও বলেন, মসজিদের ইমামরা জুম্মার পূর্ববর্তী খুতবায় গণভোটের গুরুত্ব তুলে ধরতে পারেন, এতে সাধারণ মানুষের মধ্যে দায়িত্ববোধ ও অংশগ্রহণের আগ্রহ বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন সবসময় জাতির গুরুত্বপূর্ণ কর্মসূচিতে জনগণের পাশে ছিল। গণভোট ২০২৬ সফল করতে ইমাম সম্মেলনের মাধ্যমে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হচ্ছে, যাতে তারা মসজিদ ও সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে, তবে জনগণের সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু আয়োজন সম্ভব নয়। তিনি বলেন, ইমাম সমাজ মানুষের মাঝে শান্তি, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ- পরিচালক বিল্লাল বিন কাশেম। তিনি বলেন, গণভোট মানে জনগণের মতামতের প্রতিফলন। এটি আল্লাহ প্রদত্ত অধিকার। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, মাওলানা ইয়াসিন আলম, সংগীত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রমুখ। গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তবে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর দেশ পাবে। ইমামদের উচিত মিম্বর থেকে জনগণকে গণভোটের গুরুত্ব বোঝানো’।
অনুষ্ঠানে ইসলামিক গান পরিবেশন করেন প্রভাষক ও হাফেজ মাওলানা রবিউল ইসলাম এবং শিশু শিল্পী শরীফ আমিন। তাঁদের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। নির্বাচন প্রচারণা বিষয়ে বক্তব্য রাখেন মো. আলী (বাঘারপাড়া)। তিনি বলেন, গ্রাম থেকে শহর পর্যন্ত সবাইকে গণভোট সম্পর্কে জানাতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করলে অংশগ্রহণ আরও বাড়বে। বক্তারা একযোগে বলেন, গণভোট ২০২৬
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণভোটের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কর্তৃপক্ষ সকল অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক ইমাম, আলেম-ওলামা, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর হামদ ও নাত পরিবেশন করেন কামরুল ইসলাম ও মো. ইমরান হোসেন।

