বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কের দরগারচর নতুনপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা চাঁন মিয়া (৬৫) নামে সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সেনা সদস্য চাঁন মিয়া তার খালাতো ভাই আহসান হাবিবকে সঙ্গে নিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান যোগে মালতিডাঙ্গা থেকে শাহজাদপুরে যাচ্ছিলেন। একপর্যায়ে অটোভ্যানটি দরগাহচর গ্রামে পৌঁছালে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত করিমন (ভটভটি)কে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এ সময় ভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই চাঁন মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় অটোভ্যান চালকসহ দুইজন আহত হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করেন। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় সাবেক সেরা সদস্য চাঁন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চাঁন মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

