ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ধানের শীষের মিছিল চলাকালে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ থেকে ৩৫ জন মোটরসাইকেলযোগে ধানের শীষের একটি মিছিল নিয়ে ফতেপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা নিমতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে নূর হোসেন (১৬) ও একই গ্রামের কবির হোসেনের ছেলে রবিন আহত হন। সংঘর্ষে আলমসাধুর চালকও আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত নূর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে রবিন ও আলমসাধুর চালক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

