কারাবন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

0
কারাবন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন (৮৬) কারাবন্দি অবস্থায় পরলোকগমন করেছেন। আজ শনিবার সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌফিক হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে সকাল ৯টা ১০ মিনিটে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আলম টুলু বলেন, “তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায়ই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়ের হওয়া একাধিক মামলায় রমেশ চন্দ্র সেন কারাগারে ছিলেন। গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও সদরের রামনাথ এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাসহ মোট তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৯৭ সালের উপনির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া (সুরতহাল ও ময়নাতদন্ত) সম্পন্ন করার পর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।