৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

0
৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিমানবন্দরের প্রবেশপথে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বেলাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তিনি এই বিশাল অংকের টাকার কোনো বৈধ উৎস বা উপযুক্ত কারণ দেখাতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ লাখ টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

নির্বাচনের ঠিক একদিন আগে এত বড় অংকের টাকা নিয়ে যাতায়াতের পেছনে কোনো নাশকতামূলক পরিকল্পনা বা নির্বাচনী কোনো লেনদেনের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।