জীবনের ‘প্রথম’ ভোট দিলেন তামিম ইকবাল: কড়া নিরাপত্তায় কোতোয়ালিতে ভোট দিলেন ড্যাশিং ওপেনার

0
জীবনের 'প্রথম' ভোট দিলেন তামিম ইকবাল: কড়া নিরাপত্তায় কোতোয়ালিতে ভোট দিলেন ড্যাশিং ওপেনার

চট্টগ্রাম ব্যুরোঃ ব্যাট হাতে মাঠ কাঁপানো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার নামলেন রাজনীতির মাঠে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই ক্রিকেট তারকা।

সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেনাবাহিনীর প্রটোকলে ভোটকেন্দ্রে আসেন তামিম ইকবাল। তারকা এই ক্রিকেটারকে দেখতে কেন্দ্রে থাকা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়। ভোট দেওয়া শেষে একই নিরাপত্তায় তিনি কেন্দ্র ত্যাগ করেন।

ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তামিম ইকবাল বলেন, “জীবনে প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটগ্রহণ একদম সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।”

চট্টগ্রাম-৯ আসনের এই কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি ছিল। প্রিসাইডিং অফিসার কেবিএম মোস্তফা জামান জানান: ২,৮৬২ জন। সকাল ১০টা পর্যন্ত ৪৩৫টি ভোট সংগৃহীত হয়েছে। প্রতিটি বুথে ভোটারদের ভোট দিতে দেড় থেকে দুই মিনিট সময় লাগছে। তবে বয়স্কদের ক্ষেত্রে কিছুটা সময় বেশি প্রয়োজন হচ্ছে।

বন্দরনগরী চট্টগ্রামে সকাল থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।