মানবিকতার পথে ঐতিহ্যবাহী দিশারী ক্লাব: ঈদ উপহার পেলো অসহায় পরিবার

0
মানবিকতার পথে ঐতিহ্যবাহী দিশারী ক্লাব: ঈদ উপহার পেলো অসহায় পরিবার

পীরগাছা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে, মানবিক এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, রংপুরের পীরগাছা উপজেলার ঐতিহ্যবাহী “দিশারী ক্লাব”। বুধবার (১৮ মার্চ) বিকেলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আর্তমানবতার সেবায় এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বড়দরগাহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আতাউর রহমান আনসারী। প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকে নানাবিধ কল্যাণমূলক কাজে অংশ নেওয়া ঐতিহ্যবাহী “দিশারী ক্লাব এবারও তার ব্যতিক্রম ঘটায়নি।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক- আলমগীর হোসেন ক্রীড়া সম্পাদক-মোশাররফ হোসেন রসমত দপ্তর সম্পাদক – গোলজার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক – ওমর ফারুক, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পাদক- আব্দুস সাত্তার মুন্সি, পরিবার পরিকল্পনা সম্পাদক – রায়হানুল ইসলাম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন দিশারী ক্লাবের সাবেক সভাপতি মো. খলিলুর রহমান ও শামসুল আলম বাদশা।

বক্তারা বলেন, “ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। দিশারী ক্লাব সবসময়ই সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”

উপহার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ক্লাবের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।