বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদ জামাত সম্পন্ন

0
বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদ জামাত সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ হিসেবে খ্যাত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এই বিশাল জামাতে দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি অংশ নেন।

শনিবার ভোর থেকেই মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ২১ দশমিক ৯৯ একর আয়তনের এই বিশাল ময়দান। কিশোরগঞ্জ, বাগেরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এমনকি ঢাকা ও গাজীপুর থেকেও অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এই ঐতিহাসিক ময়দানে নামাজ আদায় করতে আসেন। তবে আগের রাতে ঝড়-বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকায় বিগত বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে।

জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী জামাতে ইমামতি করেন। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, মধ্যপ্রাচ্যসহ মুসলিম উম্মাহর শান্তি এবং মহান মুক্তিযুদ্ধ (৭১) ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

বিশাল এই জমায়েতকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার এবং কয়েক স্তরের তল্লাশির মাধ্যমে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হয়।

জামাতের আগে মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন: সৈয়দ জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য (দিনাজপুর-৩), মো. আলমগীর হোসেন জেলা জজ; মো. রফিকুল ইসলাম জেলা প্রশাসক, মো. জেদান আল মুসাস পুলিশ সুপার ।

সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থা আমার শক্তি। এবার বৃষ্টির কারণে মাঠে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল, যা আগামীতে জেলা, পৌর ও জেলা পরিষদ প্রশাসনের সমন্বয়ে আরও উন্নত করা হবে।”

দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা এই বিশাল মিনারের নিচে নামাজ পড়তে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আসা আব্দুল ওহাব বলেন, “আমরা সবসময় শোলাকিয়ায় নামাজ পড়ি, কিন্তু দিনাজপুরের এই বিশাল মিনারের কথা শুনে এবার এখানে এসেছি। এত বড় জামাতে শরিক হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই।” নীলফামারী থেকে আসা আব্দুস সাত্তার জানান, এটি তার এই মাঠে সপ্তম জামাত এবং প্রতিবারই তিনি এক অনন্য আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেন।

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসলেও, ২০১৭ সালে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলীর বিশাল মিনার নির্মাণের পর এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহের স্বীকৃতি পায়। বর্তমানে এটি উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ।