ঝিনাইদহে দুই সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৩

0
ঝিনাইদহে দুই সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত ও তিন যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) বিকেলে মহেশপুর উপজেলার গুড়দা-দত্তনগর সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে স্টান্ট (বাউলি) দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

তারা হলেন ভৈরবের কুল্লুপাড়া এলাকার রনি (২৪), নাটিমা বাজারের হাসিব (২১) এবং কুড়িপোল গ্রামের আলভি (১৮)। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের জীবননগর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ চালনার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

একই দিনে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে চলন্ত ইজিবাইক থেকে পড়ে আব্দুল গফুর (১৪) নামে এক কিশোর নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাউন্ড বক্সযুক্ত ইজিবাইকে ঝুলে থাকা অবস্থায় হঠাৎ ব্রেক করলে সে সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।