বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার ভোরে জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘সৌদিয়া পরিবহনের’ একটি বাস ভোর ৫টার দিকে সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছায়। পাহাড়ের আঁকাবাঁকা ও ঢালু পথ দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রী গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। বাসের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে গুরুতর আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মিলন চন্দ্র দাশ (২৬) রিমন দাশ (২৭) রিয়াদ (২৫) নাফি রিজুয়ান (২৮)
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ধীমান দাশ জানান, ভোরে পর্যটকবাহী বাসটি দুর্ঘটনায় পড়ার পর আহতদের হাসপাতালে আনা হয়। অধিকাংশ যাত্রীর শরীরে জখম রয়েছে। তবে চারজনের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বর্তমানে সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের মতে, সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাটি পাহাড়ি আঁকাবাঁকা ঢালু হওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ভোরের কুয়াশা বা অসতর্কতার কারণে প্রায়ই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। ঘটনার পর সৌদিয়া পরিবহনের ওই বাসের চালক বা হেলপারের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

