কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের উত্তর আড়–য়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনূর রহমান শাহিন (৪২) স্থানীয় উত্তর আড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ছিলেন। তিনি উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ির পাশের একটি মাছের ঘেরের টংঘর থেকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভেরচী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তাপস আঢ্য জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, শাহিনূর রহমান দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেশবপুর উপজেলা শাখা ও প্রধান শিক্ষক সমিতির নেতারা পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

