ভৈরবে ফুটবল খেলা নিয়ে ৪ ঘণ্টার তাণ্ডব: আহত ৩০, আটক কয়েকজন

0
ভৈরবে ফুটবল খেলা নিয়ে ৪ ঘণ্টার তাণ্ডব: আহত ৩০, আটক কয়েকজন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন ভাঙচুর করা হয়েছে মসজিদ ও দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠে স্থানীয় যুবকরা ফুটবল খেলছিলেন। খেলা চলাকালীন তুচ্ছ বিষয় নিয়ে মসজিদ বাড়ির যুবকদের সঙ্গে পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে বিকেল ৫টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথম দফায় সংঘর্ষে লিপ্ত হয়। প্রথম দফার এই সংঘাত চলে প্রায় দুই ঘণ্টা।

প্রথম দফার রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৭টার দিকে আবারও রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষ একে অপরের ওপর ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৪ ঘণ্টা স্থায়ী এই তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন একটি মসজিদ ও বেশ কিছু দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালানো হয়। রাত ১০টা পর্যন্ত দফায় দফায় চলে এই সহিংসতা।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, “ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”