পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের এক ছোট্ট ঘরে একসাথে ভেসে উঠেছিল পাঁচটি নবজাতকের কান্না। আনন্দের সেই মুহূর্তের সাথে মিশে ছিল অনিশ্চয়তা আর দুশ্চিন্তার দীর্ঘশ্বাস। একসাথে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম যেন আশীর্বাদ, আবার একইসঙ্গে কঠিন বাস্তবতার এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দরিদ্র পিতা সোহেল হাওলাদারের পরিবারের জন্য
এমন কঠিন সময়ে শুরু থেকেই এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বাউফলের গণমানুষের প্রিয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। তিনি ব্যক্তিগতভাবে পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন, যা এই পরিবারটির জন্য এক বড় ভরসা হয়ে উঠেছে।
এরই ধারাবাহিকতায় আজ বিকেলে বৃহস্পতিবার ড. মাসুদ এমপির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ সোহেল হাওলাদারের বাড়িতে যান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম। তারা পরিবারটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

