ঝালকাঠিতে আমুর বাসভবনে ফের ভাঙচুর: গেট কেটে টিন বিলিয়ে দিল যুবকরা

0
ঝালকাঠিতে আমুর বাসভবনে ফের ভাঙচুর: গেট কেটে টিন বিলিয়ে দিল যুবকরা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আমির হোসেন আমুর পরিত্যক্ত বাসভবনে তৃতীয় দফায় ভাঙচুর ও অপসারণের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দুপুরে শহরের রোনালস রোডে অবস্থিত ওই বাসভবনের সামনে স্থাপিত অস্থায়ী টিনের বেড়া ভেঙে এবং লোহার ফটক (গেট) কেটে তা সরিয়ে ফেলে একদল যুবক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল যুবক দুপুরে হঠাৎ করে আমির হোসেন আমুর বাসভবনের সামনে জড়ো হয়। তারা প্রথমে সীমানা প্রাচীরের ওপর লাগানো টিনের বেড়াগুলো উপড়ে ফেলে। এরপর নিয়ে আসা গ্রাইন্ডিং মেশিন দিয়ে বাড়ির প্রধান লোহার গেটটি কেটে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়।

উত্তেজিত যুবকরা জানান, পরিত্যক্ত এই বাড়িটির সামনে অবৈধভাবে বা রহস্যজনকভাবে যারা বেড়া দিয়েছিল, তারা তা মেনে নেবেন না। অপসারণকৃত টিনগুলো পরে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

আমির হোসেন আমুর এই বাসভবনটি বিগত কয়েক মাস ধরে দফায় দফায় হামলার শিকার হচ্ছে প্রথম দফা (৫ আগস্ট, ২০২৪): ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন সাবেক এই মন্ত্রীর বাড়িতে ব্যাপক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কয়েক মাস আগে দুর্বৃত্তরা আবারও বাড়ির সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ কাঠামো ভাঙচুর করে। গত বৃহস্পতিবার অজ্ঞাত কিছু ব্যক্তি বাড়ির নিরাপত্তার জন্য সামনের গেটে টিনের বেড়া দিয়েছিল। বুধবার যুবকরা সেই বেরা ও গেট চিরতরে সরিয়ে দিল।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বাসভবনটিতে বারবার এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের পর থেকে আমু আত্মগোপনে থাকলেও পরবর্তীকালে তিনি গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন। তবে তাঁর বাসভবনটি এভাবে অরক্ষিত হয়ে পড়ায় এবং বারবার ভাঙচুরের ঘটনায় জনমনে কৌতূহল ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।