বিকল্প রাস্তা ছাড়াই ব্রীজ নির্মাণ কাজ, কুলিয়ারচর-বেলাবো সড়কে চরম দুর্ভোগ

0
বিকল্প রাস্তা ছাড়াই ব্রীজ নির্মাণ কাজ, কুলিয়ারচর-বেলাবো সড়কে চরম দুর্ভোগ

কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি টু ডুমরাকান্দা সড়কে বিকল্প রাস্তা তৈরি না করেই ব্রীজ নির্মাণ কাজ শুরু করায় চরম দুর্ভোগে পড়েছেন কুলিয়ারচর ও বেলাবো উপজেলা এলাকার বিভিন্ন পরিবহন চালক ও সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন ব্রীজের কারণে মূল সড়ক কেটে ফেলা হয়েছে। তবে যাতায়াতের জন্য কোনো বিকল্প রাস্তা নির্মাণ না করায় মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। কাদা ও বালুময় পথে যানবাহন পারাপারে অনেক সময় কয়েকজন মিলে ঠেলে পার করতে হচ্ছে। স্থানীয়রা জানান, এ সড়কটি কুলিয়ারচর উপজেলার সঙ্গে বেলাবো উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও ব্যবসায়ীরা এ সড়ক ব্যবহার করেন। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ব্রীজ নির্মাণ কাজের আগে সাময়িক বিকল্প রাস্তা তৈরি করা হলে সাধারণ মানুষের এত কষ্ট হতো না। বিশেষ করে বৃষ্টির দিনে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

স্থানীয় কয়েকজন মোটরসাইকেল চালক জানান, অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। দ্রুত বিকল্প রাস্তা নির্মাণ অথবা চলাচলের উপযোগী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।