জয়নাল আবেদীন: রংপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে সাধারণ শ্রমিকরা।
এতে প্রায় এক ঘন্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সোমবার বেলা ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই অবরোধ কর্মসূচি পালন করেন মটর শ্রমিকরা। পরে সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আন্দোলনকারী মোটর শ্রমিকরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশের সকল পর্যায়ে বিভিন্ন সংগঠনের কমিটি বিলুপ্ত হয়ে যায়। সেই সময় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটিও বিলুপ্ত হয়। এরপর থেকে নির্বাচিত কোনো কমিটি না থাকায় প্রায় দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভার মাধ্যমে নির্বাচনে সময় ও তারিখ ঘোষণা দেওয়ার আহ্বান জানান শ্রমিকরা। কর্মবিরতির এক পর্যায়ে সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া এবং শ্রমিকদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন এবং পুনরায় যান চলাচল শুরু হয়।
এ সময় রংপুর শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদের নেতারা বলেন, “শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির মাধ্যমে রাজপথে নামবেন শ্রমিকরা।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, মহাসড়ক অবরোধের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। পরে শ্রমিকদের অনুরোধ করি। মটর শ্রমিকরা আমাদের অনুরোধে বেলা ১২টার দিকে অবরোধ তুলে নিয়েছে।

