ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগ তুলে এক যুবককে সালিশ বৈঠকে হাত-পা বেঁধে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। নিষ্ঠুর এই নির্যাতনের সময় যুবকের বৃদ্ধা মা ও স্ত্রী উপস্থিত থেকে আকুতি-মিনতি করলেও মন গলেনি নির্যাতনকারীদের। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে প্রকাশ্য দিবালোকে এই লোমহর্ষক ঘটনা ঘটে।
শুক্রবার (৫ জুন) নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটদুনিয়ায় তীব্র ক্ষোভ ও ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। নির্যাতনের শিকার যুবকের নাম হবি মিয়া (৪০)। তিনি নারুই গ্রামের মৃত রহমত মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসা দমনের নামে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিলে একটি ‘মাদকবিরোধী কমিটি’ গঠন করেন। সেই কমিটির উদ্যোগেই বৃহস্পতিবার নারুই বাজারে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাদক বিক্রির অভিযোগ এনে হবি মিয়াকে ধরে এনে হাজির করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়— হবি মিয়ার হাত ও পা রশি দিয়ে শক্ত করে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নির্দেশে এক ব্যক্তি মোটা লাঠি দিয়ে তার পায়ের তালুতে একের পর এক নির্মমভাবে আঘাত করে চলেছেন। পাশে দাঁড়িয়ে তার মা ও স্ত্রী কান্নাকাটি ও চিৎকার করে নির্যাতন থামাতে অনুরোধ করলেও কেউ এগিয়ে আসেনি। ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ উপস্থিত থেকে চেয়ারে বসে বা দাঁড়িয়ে এই বর্বর দৃশ্য দেখছিলেন এবং অনেকেই মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করছিলেন।
আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্য বাজারে এমন নিষ্ঠুর নির্যাতনের ঘটনা নজরে আসার পরপরই নড়েচড়ে বসেছে জেলা ও থানা পুলিশ। অপরাধীদের ধরতে ইতিমধ্যেই পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।
“সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমাদের নজরে আসার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একটি বিশেষ টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগী হবি মিয়াকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত এবং যারা এই বর্বরোচিত নির্যাতনের নির্দেশ দিয়েছে, তাদের প্রত্যেককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।” — মোর্শেদ আলম চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নবীনগর থানা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে সালিশের নামে কাউকে এভাবে শারীরিক নির্যাতন করার কোনো সুযোগ নেই। এটি একটি দণ্ডনীয় অপরাধ। ঘটনার সাথে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”

