
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ টানা দুদিন মঞ্চ ভাঙচুর, মাইক লুট আর নেতাকর্মীদের রক্তপাতের পরও পিছু হটেননি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ভাঙা মঞ্চ আর রক্তাক্ত মাঠকে সাক্ষী রেখেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিয়ে হুঙ্কার ছেড়েছেন তিনি। একই সাথে আইভীর মুক্তি ও দেশের সীমান্ত নিরাপত্তা ইস্যুতে বর্তমান সরকারকে তীব্র তুলাধোনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন এই তরুণ তুর্কী।
শনিবার (৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত ‘ফল উৎসব’ ও গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।
জানা গেছে, শনিবার বিকেলে এই ফল উৎসবকে কেন্দ্র করে গত শুক্রবার রাত থেকেই দফায় দফায় হামলা চালায় দেশীয় অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে আবারও প্রায় ৫০-৬০টি মোটরসাইকেলের বহর এসে সভামঞ্চ, প্যান্ডেল ও চেয়ার-টেবিল গুঁড়িয়ে দেয় এবং মাইক ছিনতাই করে। হামলায় উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব আল ফারাবিসহ দলের অন্তত ১০ জন নেতাকর্মী রক্তাক্ত হন।
এমন থমথমে পরিস্থিতির মধ্যেই সভাস্থলে এসে হাজির হন নাসীরুদ্দীন পাটওয়ারী। রক্তাক্ত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “আমাকে বলা হয়েছিল এখানে আসলে আমার জীবনের ঝুঁকি হতে পারে। কিন্তু আমার সহযোদ্ধা রক্তাক্ত হবে আর আমি ঘরে চুড়ি পরে বসে থাকব—এটা বাংলাদেশে হবে না। রক্তের ওপর দিয়ে হলেও আমরা বাংলাদেশে সংস্কার ও আওয়ামী লীগের বিচার বাস্তবায়ন করে ছাড়ব।”
সাবেক মেয়র আইভীর কারামুক্তির তীব্র সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভী রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। নির্বাচনের আগের কথা ছিল আওয়ামী লীগের বিচার হবে, আপনারা গণভোটে ‘হ্যাঁ’ দেবেন। দেশের ৭৫ শতাংশ মানুষ হ্যাঁ রায় দেওয়ার পর এই সরকার এখন পল্টি মেরেছে! সরকার এখন পুরোপুরি আওয়ামী লীগের প্রেমে পড়েছে।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ভাবছেন এখন আমাদের গোনার টাইম নাই, আগামী উপজেলা নির্বাচনে দেশের সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় আপনাদের লাল কার্ড ধরিয়ে দেবে।”
এ সময় দেশের সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি এবং ভারতীয় অনুপ্রবেশের চেষ্টা নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “ভারতীয় সরকার অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমানকে সীমান্তে জড়ো করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যা নিয়ে অযাচিত সংজ্ঞা দিচ্ছেন। আমরা সরকারকে স্পষ্ট প্রশ্ন করতে চাই—সীমান্ত দিয়ে কেন মানুষ ঢোকে? আমাদের সীমান্ত নিরাপদ করুন, বিজিবি ও পুলিশ ভাইদের শক্তিশালী করুন।”
তিনি আরও যোগ করেন, “আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা খোলস পাল্টে ছাত্রদল ও যুবদলে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের যদি কোনো কাজ না থাকে, তবে সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে সীমান্ত পাহারা দিক; দেশের কাজে আসবে।” রূপগঞ্জের এই হামলার বিচার না হলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, গত বছরের (২০২৫ সালের) ৯ মে ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা ও সহিংসতা মামলায় দেওভোগের নিজ বাসা থেকে গ্রেফতার হন টানা চার মেয়াদের সাবেক জনপ্রিয় জনপ্রতিনিধি ডা. সেলিনা হায়াৎ আইভী। দীর্ঘ এক বছরেরও বেশি সময় কাশিমপুর কারাগারে বন্দি থাকার পর, গত ৩ জুন (বুধবার) রাতে সব মামলায় উচ্চ আদালতের জামিন আদেশে কারামুক্ত হয়ে ঘরে ফেরেন তিনি। আইভীর এই নাটকীয় কারামুক্তির মাত্র তিন দিনের মাথায় রূপগঞ্জের এই রাজনৈতিক সংঘাত ও এনসিপি নেতার চাঁছাছোলা বক্তব্য জেলার রাজনীতিতে এক নতুন মেরুকরণের আভাস দিচ্ছে।
