অবৈধ পানি উত্তোলনে বাড়ছে জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা, উদ্বেগে কৃষক

0
অবৈধ পানি উত্তোলনে বাড়ছে জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা, উদ্বেগে কৃষক

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় মাছের ঘেরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং ফসলি জমির মাটি কেটে উঁচু পাড় নির্মাণের কারণে জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা ক্রমেই বাড়ছে|

বর্ষা মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষক, পরিবেশ সচেতন নাগরিক ও সাধারণ মানুষ| এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অভিযান ও জরিমানা কার্যক্রম চললেও অবৈধ পানি উত্তোলন পুরোপুরি বন্ধ হচ্ছে না| কৃষিপ্রধান কেশবপুরে একসময় বর্ষার অতিরিক্ত পানি মাঠ-ঘাট পেরিয়ে খাল-বিল ও নদ-নদীতে ¯^াভাবিকভাবে নিষ্কাশিত হতো| কিন্তু গত কয়েক বছরে ব্যাপক হারে মাছের ঘের সম্প্রসারণ, ফসলি জমির মাটি কেটে উঁচু পাড় নির্মাণ এবং অপরিকল্পিতভাবে ঘের গড়ে ওঠার ফলে সেই প্রাকৃতিক পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে|

এতে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে| উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে বর্তমানে ৪ হাজার ৬৫৮টি ছোট- বড় মৎস্য ঘের রয়েছে| স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমের আগেই অনেক ঘের মালিক ভূগর্ভস্থ পানি উত্তোলন করে তাদের ঘের পানিতে পূর্ণ করে নিচ্ছেন| এতে একদিকে ভূগর্ভস্থ পানির স্তরের ওপর চাপ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির পানি ধারণের সক্ষমতা কমে যাচ্ছে| সরেজমিনে পৌরসভাসহ উপজেলার পাঁজিয়া, সুফলাকাটি, গৌরীঘোনা, আলতাপোল, মঙ্গলকোট, বিদ্যানন্দকাটি ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক ঘেরে পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করা হচ্ছে| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু ঘের মালিক রাতের আঁধারে গভীর নলকূপ ব্যবহার করে পানি তুলছেন, যা প্রশাসনের নজরদারি এড়িয়ে যাচ্ছে|

এলাকাবাসীর আশঙ্কা, গত বছরের মতো এবারও অতিবৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে| তারা জানান, গত বছর অতিরিক্ত বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে কেশবপুরে ব্যাপক বন্যা দেখা দেয়| ঘেরের উপচে পড়া পানি মানুষের বাড়িঘরে ঢুুকে পড়ে এবং উপজেলার অন্তত ১০৪টি গ্রাম প্লাবিত হয়| এতে মাছের ঘের, কৃষিজমি, রাস্তা-ঘাট ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়| ক্ষতির পরিমাণ ছিল শত শত কোটি টাকা| কৃষকদের দাবি, ঘেরের উঁচু পাড় ও পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে না| ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ফসল নষ্ট হয়| বিশেষ করে ধান, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়| পরিবেশবিদদের মতে, নিয়ন্ত্রণহীনভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে পানির স্তর নিচে নেমে যাওয়ার ঝুঁঁকি তৈরি হবে| একই সঙ্গে প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিবেশগত ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হবে|

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘অবৈধভাবে পানি উত্তোলনের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করছি| তবে কিছু ক্ষেত্রে রাতের বেলায় গোপনে পানি উত্তোলন করা হয়, ফলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনায় কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়| তারপরও নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে’| স্থানীয় সচেতন মহল মনে করেন, শুধু জরিমানা নয়, অবৈধ পানি উত্তোলন ও প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্তকারী ঘেরগুলোর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ জরুরি|

পাশাপাশি পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ পুনরুদ্ধার, পরিবেশসম্মত মৎস্য চাষ নিশ্চিতকরণ এবং কৃষিজমি রক্ষায় সম্লিত উদ্যোগ গ্রহণ করতে হবে| বর্ষা মৌসুমের আগে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে কেশবপুরে আবারও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী| তাদের দাবি, কৃষি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ পানি উত্তোলন বন্ধের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন|