বাহুবলে রাস্তা নিয়ে বিরোধে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২ আহত ৬০

0
বাহুবলে রাস্তা নিয়ে বিরোধে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২ আহত ৬০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় চলাচলের রাস্তা ও কবরস্থানের সীমানা নিয়ে দীর্ঘদিনের পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যা মিলিয়ে দুই দফায় উপজেলার আদিত্যপুর ও আরিছপুর (আব্দাফৌজদা) গ্রামের বাসিন্দাদের মধ্যে এই বর্বর সহিংসতার ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতরা হলেন— আদিত্যপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া (৫৩) এবং একই গ্রামের হেলাল মিয়া (৩৭)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই গ্রামের মধ্যবর্তী একটি কথিত কবরস্থানের পাশের রাস্তা নিয়ে আদিত্যপুর গ্রামের মোসাহিদ মেম্বার এবং আরিছপুর গ্রামের নাসির ও আক্তারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার দুপুরে এই বিরোধের জেরে উভয় গ্রামের ২৫০-৩০০ লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে প্রকাশ্য দিবালোকে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলে বাহুবল থানার ওসি জানিয়েছিলেন, সন্ধ্যায় থানায় বসে বিষয়টি মীমাংসার কথা ছিল।

কিন্তু মীমাংসার আগেই সন্ধ্যা নামতেই স্থানীয় ডুবাঐ বাজারে দুই পক্ষ আবারও লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ধারালো অস্ত্রের কোপে সেলু মিয়া নামের একজন ঘটনাস্থলেই গুরুতর জখম হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে উভয় পক্ষের কদর আলী (৭০), লুৎফুর রহমান (৩০), আতাউর রহমান (২৫), কুহিনুর (৪১), জাহিদ মিয়া (৫৫) সহ প্রায় ৪০ জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথেই রাত ১১টার দিকে হেলাল মিয়া (৩৭) নামে আরও এক যুবকের মৃত্যু হয়।

ঘটনার পর নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুই খুনের ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে অনেক বাড়িঘর।

দুপুরের সংঘর্ষের পর বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে রাতে জোড়া খুনের ঘটনার পর, পরিস্থিতি ও পরবর্তী আইনি পদক্ষেপ (মামলা বা আটক) সম্পর্কে জানতে ওসির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।