পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি (HIV) এইডসের স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমকামিতার প্রবণতা বৃদ্ধির পাশাপাশি জেলাটিতে এইডসের সংক্রমণ ছড়াচ্ছে আশঙ্কাজনক হারে। সরকারি হিসাবে এখন পর্যন্ত জেলায় ১৬ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যার মধ্যে ৭ জনই সমকামী।
পাবনা জেনারেল হাসপাতালের ‘কী পপুলেশন্স-কেপি সেন্টার’ (KP Center)-এর তথ্য অনুযায়ী, জেলায় এইচআইভি ছড়ানোর পেছনে মূলত ৫টি বিশেষ জনগোষ্ঠী বা ‘কী পপুলেশন’ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জেলাটিতে বর্তমানে শনাক্ত হওয়া সংখ্যার একটি পরিসংখ্যান:
👬 সমকামী জনগোষ্ঠী ১,৬১৫ জন 🧑🤝🧑 পুরুষ যৌনকর্মী ৯০৮ জন 👩 নারী যৌনকর্মী ৭৬৫ জন 💉 শিরায় মাদকগ্রহণকারী ৪৮৪ জন 🏳️⚧️ হিজড়া জনগোষ্ঠী ১১০ জন
বুধবার (১৭ জুন) পাবনা জেনারেল হাসপাতালের সভাকক্ষে ‘বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানেই এই উদ্বেগজনক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়।
হাসপাতালের কেপি সেন্টারের ফোকাল পারসন ডা. মনিরুজ্জামান এবং সেন্টার ম্যানেজার ডা. আহসানুল কবির জেলার সার্বিক এইচআইভি পরিস্থিতি ও এর প্রতিকারে করণীয় বিষয়গুলো গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থাপন করেন।
কর্মশালায় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞরা জানান, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা জরুরি।।

