নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় প্রেমের টানে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওয়ালিদ হাসান (১৮) নামের এক সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী। হত্যার পর কাপড়ে মুড়িয়ে লাশ গুম করার চেষ্টাকালে প্রেমিকা, তার মা ও দুই বোনসহ চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় কথিত প্রেমিকার বাড়ির উঠান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ রবিবার (২১ জুন) দুপুরে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।
নিহত ওয়ালিদ হাসান রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়ার আব্দুল হাইয়ের ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে সে তার মা ও ভাইয়ের সাথে নানাবাড়ি বাহেরচরে বসবাস করছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তারের সঙ্গে ওয়ালিদের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে প্রাণার বাবা জাকির মিয়া ওয়ালিদের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিলেন। এরই মধ্যে কিছুদিন আগে প্রাণার সাথে এক প্রবাসীর বিয়ে হয়ে যায়। বিয়ের পরও তাদের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রাণার সাথে দেখা করতে গিয়ে নিখোঁজ হন ওয়ালিদ। এরপর সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজের পর থেকেই ওয়ালিদের পরিবারের সন্দেহের তির ছিল প্রাণার পরিবারের দিকে। নিখোঁজের তৃতীয় দিন অর্থাৎ শনিবার রাতে ওয়ালিদের ছোট ভাই রোমানসহ কয়েকজন গোপনে প্রাণাদের বাড়ির ওপর নজর রাখছিলেন।
রাত ১১টার দিকে হঠাৎ বাড়ির পেছনের দিক থেকে কুকুরের অস্বাভাবিক ঘেউ ঘেউ শব্দ শুনে তারা সেখানে এগিয়ে যান। গিয়ে দেখতে পান, ঘরের পেছনের দরজা দিয়ে কাপড়ে মোড়ানো একটি ভারী বস্তু গোপনে বের করছেন প্রাণা, তার ছোট বোন মিন্নি আক্তার এবং মা ফরিদা বেগম। সন্দেহ হওয়ায় রোমানরা এগিয়ে গেলে আসামিরা বস্তুটি ফেলে রেখে পালানোর চেষ্টা করে। পরে কাপড় সরাতেই বেরিয়ে আসে নিখোঁজ ভাই ওয়ালিদের নিথর দেহ।
লাশ উদ্ধারের সেই রুদ্ধশ্বাস মুহূর্ত নিয়ে নিহতের ভাই রোমান বলেন, “কুকুরের শব্দ শুনে আমরা বাড়ির পেছনে যাই। গিয়ে দেখি জাকির মিয়ার স্ত্রী ফরিদা ও তার দুই মেয়ে প্রাণা ও মিন্নি আমার ভাইয়ের লাশ কাপড়ে পেঁচিয়ে বাইরে বের করছে। প্রথমে আমাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।”
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং রাতেই অভিযান চালিয়ে কথিত প্রেমিকা প্রাণা, তার মা ফরিদা বেগম ও বোন মিন্নিসহ চারজনকে গ্রেফতার করে। তবে ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত প্রাণার বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন।
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় স্পষ্ট কালো দাগ পাওয়া গেছে। পরিবারের দাবি, অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার বা রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ওয়ালিদকে হত্যা করা হয়েছে।
“প্রেমিকার বাড়ির উঠান থেকে মরদেহের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। মরদেহের গলায় কালো দাগ রয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে।” — মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রায়পুরা থানা
এদিকে আজ দুপুরে এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। বিক্ষুব্ধ জনতা ঘাতক জাকির মিয়ার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।

