
পটুয়াখালী প্রতিনিধি : দেশের জনপ্রিয় কক্সবাজার সমুদ্রসৈকত পর্যটক হারাচ্ছে। সাধারণত ঈদ বা টানা ছুটিতে কক্সবাজারে বেশ ভিড় থাকে। হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতে বুকিং দেওয়া কঠিন হয়ে পড়ে। তবে গত কোরবানির ঈদের চিত্র ছিল ভিন্নরকম। একই অবস্থা পটুয়াখালীর কুয়াকাটায়। অব্যবস্থাপনার কারণে সেখানেও পর্যটক কমছে।
পর্যটকরা বলছেন, গরমের কারণে কক্সবাজারে খুব একটা পর্যটক যাচ্ছে না। তবে পর্যটন-সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, কেবল কার, টয় ট্রেন, লেক-শো, ডলফিন শো, অ্যামিউজমেন্ট পার্ক, শিশুপার্ক ছাড়াই সেখানে গড়ে উঠেছে পর্যটনশিল্প।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ পর্যটক ভ্রমণ করেন বলে মনে করেন হোটেলমালিকরা। তবে পর্যটক গণনার নির্ভরযোগ্য কোনো পদ্ধতি বা তথ্যভান্ডার নেই।
হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির তথ্যমতে, কক্সবাজার শহর ও সৈকত এলাকায় পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস আছে। এসব প্রতিষ্ঠানে দৈনিক পর্যটক ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৬৮ হাজার। এবার ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্তত সাত লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন।
কক্সবাজার হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার সমকালকে বলেন, ঈদুল আজহার দিন থেকে সাপ্তাহিক ছুটিসহ ৬ জুন পর্যন্ত ১০ দিনে সাত লাখের মতো পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। তবে এ সংখ্যা গত বছরের তুলনায় অনেক কম। তিনি জানান, এখন কক্সবাজার শহরের হোটেলগুলোয় দিনে ১০ থেকে ১৫ হাজার পর্যটক অবস্থান করছেন। অধিকাংশ হোটেল খালি। হোটেল ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও পর্যটক পাওয়া যাচ্ছে না।
