জানাজা শেষেই রণক্ষেত্র সরাইল: ওসিসহ আহত ২৫, থমথমে পরিস্থিতি

0
জানাজা শেষেই রণক্ষেত্র সরাইল: ওসিসহ আহত ২৫, থমথমে পরিস্থিতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। রোববার রাতের হত্যাকাণ্ডের পর সোমবার (২৯ জুন) বিকেলে নিহত ব্যক্তির জানাজা শেষে আবারও রণক্ষেত্রে পরিণত হয় সরাইলের কালিকচ্ছ বাজার এলাকা। প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলা এই নতুন দফায় ওসিসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার মূল সূত্রপাত সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের পাওনা টাকার বিরোধ নিয়ে। মোশারফ মিয়া তাদের কাছে পাটি বিক্রির ১ লাখ টাকা পাওনা বলে দাবি করেন। কিন্তু খাদিম মিয়া তা দিতে অস্বীকৃতি জানালে রোববার রাতে দুই পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে মো. খাদিম মিয়া মারা যান।

হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলে নিহত খাদিম মিয়ার জানাজার নামাজ সম্পন্ন হওয়ার পরপরই আবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে শুরু করে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘ ৩ ঘণ্টার এই সংঘাতের ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ওসির চোখে ইটের ঢিল লাগলে তিনি আঘাতপ্রাপ্ত হন।

“অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে দীর্ঘ চেষ্টার পর রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।” — মনজুর কাদের ভূঁইয়া, ওসি, সরাইল থানা।

রোববারের হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলার এজাহার দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে নতুন করে সংঘর্ষ এড়াতে কালিকচ্ছ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।