জয়নাল আবেদীনঃ প্রবল ইচ্ছাশক্তি আর অনমনীয় মনোবল থাকলে যেকোনো প্রতিবন্ধকতা ডিঙিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব—তারই এক অনন্য ও জীবন্ত দৃষ্টান্ত সৃষ্টি করেছেন কলি রানী। জন্ম থেকেই দুটি হাত অকেজো, নেই আঙুলও। কিন্তু শারীরিক এই চরম সীমাবদ্ধতা দমাতে পারেনি তার অদম্য মেধাকে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে আর দশটা সাধারণ শিক্ষার্থীর মতোই পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন এই লড়াকু তরুণী।
কাউনিয়া উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায় ও রূপালী রানীর মেয়ে কলি রানী। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সবার ছোট তিনি। যখন তিনি তৃতীয় শ্রেণিতে পড়েন, তখনই মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যায়। তবে মা ও ভাই-বোনদের অকুণ্ঠ সমর্থন আর নিজের আত্মবিশ্বাসে ভর করে পড়ালেখা চালিয়ে যান কলি।
কলি রানীর বড় ভাই মন্টু রাম রায় জানান “জন্ম থেকেই বোনের হাতের আঙুল নেই, হাত বাঁকা ও ছোট হওয়ায় কলম ধরতে পারে না। কিন্তু ওর পড়াশোনার প্রতি তীব্র ঝোঁক দেখে আমরাও হাল ছাড়িনি। ডান পা দিয়ে ও প্রথমে আস্তে আস্তে লেখা শুরু করে। নিরলস চর্চায় এখন ও স্বাভাবিক মানুষের মতোই দ্রুত গতিতে পা দিয়ে লিখতে পারে। শুধু লেখাই নয়, পা দিয়ে ও কম্পিউটার ও মোবাইল ফোনও অনায়াসে চালাতে পারে।”
কলি রানী শুধু পড়াশোনাতেই মন দেননি, সুরের ভুবনেও তার অবাধ বিচরণ। চমৎকার গান গাইতে পারেন তিনি। ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় গান গেয়ে একাধিক সম্মাননা স্মারক ও পুরস্কারও ঝুলিতে পুরেছেন এই বহুমাত্রিক প্রতিভাবান তরুণী।
এর আগেও মেধার স্বাক্ষর রেখেছেন কলি। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় পা দিয়ে লিখেই ‘এ’ গ্রেড পেয়েছিলেন এবং পরবর্তীতে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করে কাউনিয়া কলেজে ভর্তি হন।
পরীক্ষাকেন্দ্রে কলি রানীকে অন্য পরীক্ষার্থীদের মতোই স্বাভাবিকভাবে পা দিয়ে খাতায় লিখতে দেখা যায়। তবে নিয়মানুযায়ী বিশেষ কোটায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম কলির এই অদম্য যাত্রাকে স্যালুট জানিয়ে তার উচ্চশিক্ষার পথচলায় সাফল্য কামনা করেছেন।
নিজের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে কলি রানী জানান, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান। তার মূল লক্ষ্য পড়াশোনা শেষ করে একজন বিসিএস ক্যাডার হওয়া এবং দেশের মানুষের সেবা করা।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা কলি রানীর এই লড়াইকে সাধুবাদ জানিয়ে বলেন, “শারীরিক কোনো বাধাই কলি রানীকে আটকে রাখতে পারেনি। আমরা চাই তার এই অদম্য অগ্রযাত্রা যেন কখনো থেমে না যায়। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবে।”
অদম্য কলি রানীর এই স্বপ্নযাত্রায় এখন প্রয়োজন সমাজের বিত্তবান ও দয়াবান মানুষদের একটুখানি দোয়া ও সহযোগিতা, যাতে ডান পায়ের আঙুলের টানেই তিনি লিখে যেতে পারেন তার সাফল্যের নতুন ইতিহাস।

