শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, কসমেটিকস ও ইজিবাইক উদ্ধার

0
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, কসমেটিকস ও ইজিবাইক উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় বিদেশি মদ, বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন কর্ণঝোড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৭ বোতল ভারতীয় বিদেশি মদ, বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।

প্রাথমিকভাবে বিজিবির ধারণা, উদ্ধার হওয়া বিদেশি মদ ও কসমেটিকস অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। বিজিবি জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস বা অন্যান্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক, বিদেশি মদ, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান , সংঘবদ্ধ চোরাচালান চক্র বিভিন্ন কৌশলে অবৈধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। তাই এসব চক্রের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।