আমতলীতে মহাসমারোহে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

0
আমতলীতে মহাসমারোহে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত।

আমতলী প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা বরগুনার আমতলীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে। এ উপলক্ষে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার সূচনা হয়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় আমতলী মদন মোহন জিউর কেন্দ্রীয় মন্দির (আখড়া বাড়ি) প্রাঙ্গণ থেকে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি নিয়ে রথযাত্রা বের করা হয়।

রথটি আমতলী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ৭ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ মন্দিরে পৌঁছায়। পরে সেখান থেকে ৪ নম্বর ওয়ার্ডে কালাচাঁদ কর্মকারের গৃহমন্দিরে গিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। এ সময় শত শত ভক্ত-অনুরাগী রথের রশি টেনে ধর্মীয় উৎসবে অংশ নেন। পুরো শোভাযাত্রাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

হিন্দু ধর্মীয় বিশ্বাসে, জগন্নাথ দেবকে জগতের অধীশ্বর হিসেবে মানা হয়। ভক্তদের বিশ্বাস, রথের রশি টানলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি এবং ঈশ্বরের কৃপা লাভ করা যায়। এ বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথ দেবের সঙ্গে বলরাম ও শুভদ্রার প্রতিমূর্তি রথে স্থাপন করে শোভাযাত্রার আয়োজন করা হয়।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, আগামী নয় দিন প্রতিদিনই ভক্তদের অংশগ্রহণে নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের উৎসব শেষ হবে।

রথযাত্রা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের প্রভাষক প্রণব কর্মকার, অ্যাডভোকেট শ্রী হরিহর চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, ব্যবসায়ী ও সাংবাদিক অশোক কর্মকার, ব্যবসায়ী মৃদুল কুণ্ড, সুকুমার হালদার, বিকাশ, প্রাণেশ মণ্ডল (এমএ), বিনয় দাস, বিপ্লব দাস, হরি পাল, শিক্ষক মিলটন শীল ও শিবু চন্দ্র দাসসহ স্থানীয় সুধীজন।

আয়োজক ও অন লাইন প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক দৈনিক তৃতীয় মাএর আমতলী উপজেলা প্রতিনিধি বিপ্লব চন্দ্র দাস , সাংবাদিক ইউনিয়নের সভাপতি অশোক কর্মকার, অ্যাডভোকেট শ্রী হরিয়ার চন্দ্র দাস এবং শিবু চন্দ্র দাস বলেন, ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোভাযাত্রার পুরো পথজুড়ে পুলিশ মোতায়েন ছিল। উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।