উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি

0
উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি - ছবি এআই।

জয়নাল আবেদীন: উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

এতে করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নদীর তীরবর্তী কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর তীরবর্তী পাটক্ষেত, আমনের বীজতলা তলিয়ে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে মঙ্গলবার পর্যন্ত তিস্তা নদীর কিছু স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে করে তিস্তা নদী বেষ্টিত উত্তরের ৫ জেলায় কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রংপুর জেলায় ৮৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শংঙ্কা রয়েছে। এতে করে রংপুর নগরীতে জলাবদ্ধতা তৈরী হতে পারে।