রংপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

0

জয়নাল আবেদীন্: রংপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  নিখোঁজের দুই ঘন্টা পর মঙ্গলবার (২১ জুলাই) সকালে তারাগঞ্জ উপজেলার চিকলী নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সুলতান আলী ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন, তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহ।তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৭টার দিকে সুলতান আলী চিকলী নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। সুলতান আলী বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তারাগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। দুই ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে নদী থেকে সুলতান আলীর মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ বলেন, খবর পাওয়া মাত্রই দপ্তরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।