শাহজাদপুর প্রতিনিধি: যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে সর্বস্ব হারানো নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের শতবর্ষী রহিতন নেছাকে ভাতাকার্ড, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন তার নিজ কার্যালয়ে তাকে ভাতাকার্ডের ব্যবস্থা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় সেখানে উপস্থিত শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন রহিতন নেছাকে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন শতবর্ষী রহিতন নেছাকে একটি ঘর প্রদান সহ অন্যান্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ধীতপুর গ্রামের হতদরিদ্র শতবর্ষী রহিতন নেছার বসতঘর যমুনার ভয়াবহ ভাগনে নদী গর্ভে বিলিন হয়ে যায়। সর্বস্ব হারিয়ে তিনি এক মেয়ে নিয়ে ভাঙ্গণকবলিত এলাকায় মানবেতর জীবনযাপন করছিলেন। সম্প্রতি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের ভাঙ্গণ কবলিত এলাকা পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে নিঃস্ব শতবর্ষী রহিতন নেছার করুন অবস্থা দেখে তাকে ভাতাকার্ড সহ সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।
সে অনুযায়ী তিনি তাৎক্ষণিক ভাবে শাহজাদপুর উপজেলা সমাজসেবা অফিসার মকবুল হোসেনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। এ নির্দেশ পেয়ে উপজেলা সমাজসেবা অফিসার মকবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে শতবর্ষী রহিতন নেছার ভাতাকার্ড করার প্রক্রিয়া শুরু করেন। মঙ্গলবার(২১ জুলাই) সে প্রক্রিয়া সম্পন্ন হয়। অপরদিকে শতবর্ষী রহিতন নেছার থাকার কোনো ঘর না থাকায় সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে একটি ঘর দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।
এ খাদ্য সামগ্রী প্রদানকালে শতবর্ষী রহিতন নেছা শেষ জীবনে এসে সরকারি এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন প্রাণভরে দোয়া করেন ও কৃতজ্ঞতা জানান।

