‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’: আনোয়ারায় এনসিপি নেতা মানিককে নিয়ে তীব্র বিতর্ক

0
‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’: আনোয়ারায় এনসিপি নেতা মানিককে নিয়ে তীব্র বিতর্ক

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের আনোয়ারায় এক প্রকাশ্যে গণসমাবেশে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কিত ও চরম উসকানিমূলক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক। বক্তব্যে তিনি চব্বিশের অভ্যুত্থানের উদাহরণ টেনে বলেন, ‘যে পুলিশ জনগণের টাকায় চলে, তাদের আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম’। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশ্যে প্রশ্ন তোলেন—‘থানাগুলো যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তারা কি তা দেখেননি?’

বুধবার (৫ আগস্ট) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এ সভার আয়োজন করা হয়। পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে নানা আলোচনার সৃষ্টি হয়।

বক্তব্যে এনসিপি নেতা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পরিবর্তন এলেও স্থানীয় প্রশাসন দলীয় প্রভাব মুক্ত হতে পারেনি। সাধারণ মানুষ ইউএনও কিংবা ওসির কাছে গেলে এখনও এমপির সুপারিশ আনার অজুহাত দেওয়া হয়।

তিনি বলেন, টিসিবি ও ওএমএস-এর মতো সরকারি খাদ্য সহায়তা সাধারণ মানুষের হাতে না পৌঁছে প্রভাবশালীদের মধ্যে ভাগ-বাটোয়ারা হচ্ছে। ফ্যামিলি কার্ড প্রদান ও নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য চালানো হচ্ছে। অভ্যুত্থানের সময় পুলিশ ও প্রশাসন দলীয় ক্যাডারের মতো ভূমিকা রেখেছিল বলেই জনগণ ক্ষুব্ধ হয়ে আক্রমণ চালিয়েছিল। আওয়ামী লীগ বা নতুন কোনো মাফিয়াগোষ্ঠীকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

সমাবেশটিতে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রটারি মোহাম্মদ আবুল হাছান খোকা। এতে ১১-দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষনেতারাও উপস্থিত ছিলেন।

বক্তব্য ছড়িয়ে পড়ার পর টেলিফোনে যোগাযোগ করা হলে জুবাইরুল আলম মানিক জানান, স্থানীয় প্রশাসন ক্রমাগত দলীয়করণ করছে বলেই তিনি ক্ষোভ থেকে জুলাই আন্দোলনের ঐ ঐতিহাসিক পরিস্থিতির উদাহরণ টেনে কথাটি বলেছেন। তবে এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।