কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের ভাইবা পরীক্ষার ফলাফল ও ওয়ার্ডভিত্তিক প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্ত, ফলাফল পুনঃনিরীক্ষণ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত প্রার্থী নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ পরীক্ষার্থী ও ছাত্র-জনতা। একই সঙ্গে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
রোববার (৯ আগস্ট) সকালে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে সাধারণ পরীক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের ভাইবা পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন, অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেক পরীক্ষার্থী সময়, শ্রম ও অর্থ ব্যয় করে দীর্ঘদিন অপেক্ষার পর পরীক্ষায় অংশ নিলেও ফলাফল প্রকাশের পর তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, ভাইবা গ্রহণ, নম্বর প্রদান ও চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যথাযথ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়নি। এমনকি রাজনৈতিক প্রভাব, পক্ষপাতিত্ব কিংবা স্বজনপ্রীতির সুযোগ নেওয়া হয়েছে কি না এ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।
বিক্ষোভকারীরা বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি সামাজিক কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। তাই এ কর্মসূচির জনবল বা প্রার্থী বাছাইয়ে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। প্রকৃত যোগ্যদের বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হলে সাধারণ পরীক্ষার্থীদের প্রতি অন্যায় করা হবে।
স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকাশিত বা প্রস্তাবিত ভাইবা ফলাফল সাময়িকভাবে স্থগিত রেখে নিরপেক্ষভাবে পুনর্নিরীক্ষণ ও যাচাই করা; নম্বর প্রদান, মূল্যায়ন পদ্ধতি ও চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ রেখে মেধা, যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুযায়ী তালিকা প্রকাশ করা; অনিয়ম, পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাবের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচনে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান। তাদের ভাষ্য, দীর্ঘদিনের পরিশ্রম, সময় ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হলে পুরো বাছাই প্রক্রিয়া পুনর্বিবেচনা করা প্রয়োজন। সাধারণ পরীক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তারা কোনো বিশেষ সুবিধা বা অনৈতিক সুযোগ চান না। তারা মেধা, যোগ্যতা ও নীতিমালার ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ চান। এ বিষয়ে উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে সৃষ্ট অসন্তোষ অনেকটাই দূর হবে।
এদিকে, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের বাছাই ও ভাইবা পরীক্ষার ফলাফল নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

