শাহজাদপুর প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক ডিভাইস বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি- 4 প্রকল্পের আওতায় শিশুদের মাঝে এসব ডিভাইস বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুরাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবরিনা শারমিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চলাচল ও শিক্ষা কার্যক্রম সহজ করতে হুইল ১৭ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের উপস্থিতিতে হুইল চেয়ার, প্রবণ যন্ত্র ও চশমা সহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান , জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রিপন মিয়া সহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিক শিক্ষা অফিসার মুরাদ হোসেন জানান, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাছাই করা শিক্ষার্থীদের মধ্যে ৬ জন হুইল চেয়ার , ৬ জনকে শ্রবণ যন্ত্র ও ৫ জনকে চশমা সহ চোখের চিকিৎসার জন্য জনপ্রতি ৪ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়েছে।
এদিকে সহায়ক ডিভাইস পেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসব উপকরণ তাদের সন্তানদের দৈনন্দিন জীবন ও শিক্ষাগ্রহণকে আরও সহজ ও স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

