রংপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

0
রংপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন , খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জলাশয় কমে যাওয়ায় দেশীয় মাছের উৎপাদনও হ্রাস পাচ্ছে। তাই দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে আমাদের আরও বেশি উদ্যোগী হতে হবে। ‘মাছে-ভাতে বাঙালি’ এই ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশের নদী-নালা, খাল-বিল, পুকুর ও জলাশয়কে যথাযথভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তবে অতিরিক্ত ও অবৈধভাবে মাছ আহরণ, জলাশয় ভরাট এবং প্রজনন মৌসুমে মাছ ধরার কারণে দেশীয় মাছের বৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে।

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ আগস্ট) সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস পক্ষ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহামমদ. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শাহ মো. তাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম ও রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার।এ সময় সিনিয়র সহকারী পরিচালক দীপা রাণী বিশ্বাস, সহকারী পরিচালক মাজনুন্নাহার মায়া, হ্যাচারি কর্মকর্তা, মৎস্য জরীপ কর্মকর্তা ও দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ, মৎস্য চাষি, মৎস্যজীবী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা মৎস্যজীবীদের সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানান,পাশাপাশি মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে সফল মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে মৎস্য পক্ষ উপলক্ষে ডিসি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে রংপুরে মৎস পক্ষের উদ্বোধন করা হয়।