চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

0
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের সোলেমান ডিগ্রি কলেজসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শেখটোলা গ্রামের প্রফেসর মো. এরফানের ছেলে মো. আসাদ (১৯) এবং ৬ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. জাবের আলী (১৯)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের সময় আসাদ ও জাবের আলী একটি মোটরসাইকেলে করে কানসাট বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে সোলেমান ডিগ্রি কলেজসংলগ্ন প্রধান সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যুবক গুরুতর আহত হন।

দুর্ঘটনায় আসাদ ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা জাবের আলীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ২০-০০১৩। পুলিশ ট্রাকটি হেফাজতে নিয়েছে। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।