ভূঞাপুরে নবজাতকের মৃত্যুর তথ্য চাওয়ায় সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দিলেন স্বাস্থ্যকর্মী

0
ভূঞাপুরে নবজাতকের মৃত্যুর তথ্য চাওয়ায় সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দিলেন স্বাস্থ্যকর্মী

ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নরমাল ডেলিভারি করতে দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে। তথ্য সংগ্রহে ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকির অভিযোগ উঠেছে ওই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি গত ৫ আগস্ট কষ্টাপাড়ার এক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের এবং কয়েক মাস আগে গোবিন্দাসীর আরেক গর্ভবতী নারীর ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যু হয়। এই তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক কোরবান আলী তালুকদার ভিডিও ধারণ করলে ওই পরিদর্শিকা সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সাংবাদিকের অসুস্থ মাকে নিয়েও অশালীন মন্তব্য করেন ওই পরিদর্শিকা। এছাড়া ওই পরিদর্শিকা সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে হাত পা ভেঙ্গে ফেলার হুমকিও দেন। নরমাল ডেলিভারির নামে হাসপাতালে নিজের নিয়মেই চিকিৎসা বাণিজ্য চালাচ্ছেন বলেও জানা যায়।

এবিষয়ে মৃত নবজাতকের স্বজনরা জানান- অভিযুক্ত পরিদর্শিকা তাদের বাড়িতে গিয়ে ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি সাংবাদিক ও অন্য কাউকে জানাতে মানা করেছেন।

পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা বলেন- দুইজন নবজাতকের মৃত্যু হয়েছে। এবিষয়ে সাংবাদিককে গালিগালাজ ও হাত পা ভেঙ্গে ফেলার হুমকি বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সাব-এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার বেলায়েত হোসেন বলেন- দুপুরে আমি আমার কক্ষে কাজ করতেছিলাম। হঠাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা আপার কন্ঠে গালিগালাজ শুনতে পাই। পরে সাংবাদিকদের ফোনের ভিডিও দেখে তাকে হুমকির বিষয়টি জেনেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।

এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তাহমিনা তাবাসসুম বলেন- সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের ভিডিও দেখেছি। তাকে আগামীকাল অফিসে ডাকা হবে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।