সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জ-জগন্নাথপুর–ঢাকা আঞ্চলিক মহা-সড়কে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট)সকালে শান্তিগঞ্জ উপজেলার সেচনী ও ডাবর এলাকার মধ্যবর্তী স্হানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার,স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত উজ্জ্বল হোসেন(২৫)জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি ঢাকা জোনে কর্মরত একজন আনসার সদস্য,চলতি বছর আনসার ও ভিডিপি সমাবেশে মহাপরিচালকের পদক লাভ করেন। উজ্জ্বল জামালগঞ্জ ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা।
পারিবারিক ও স্হানীয় সূত্রে জানাযায়,উজ্জ্বল হোসেন(২৫) কিছুদিন পূর্বে গ্রামের বাড়িতে ছুটিতে আসেন।আজ সকালে মোটরসাইকেলযোগে নানা বাড়ি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।পথিমধ্যে শান্তিগঞ্জের সেচনী ও ডাবর এলাকার মধ্যবর্তী স্হানে মোটরসাইকেলটির সঙ্গে ঢাকাগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয়। নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।তাঁরা পাঁচ ভাই ও চার বোন।ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। ছুটি কাটাতে বাড়িতে আসা উজ্জ্বল আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওলি উল্ল্যাহ বলেন,দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

