জয়নাল আবেদীন: বাংলাদেশ জামায়াতে ইসলাম‘র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের পক্ষ থেকে সোমবার নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।
এই কার্যক্রমের আওতায় নগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী বেগম রোকেয়া কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সমাজকল্যান বিদ্যাবিথী, মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কেরামতিয়া বালক উচ্চ বিদ্যালয়, রংপুর উচ্চ বিদ্যালয় এবং আর সি সি আই স্কুল এন্ড কলেজে এসব বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। সাংসদ বেলাল সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে নগরীর ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট এসব ক্রীড়া সামগ্রী বিতরন করেন।এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর সিটি‘র ঘোষিত মেয়র প্রার্থী এবং রংপুর মহানগর আমীর মাওলানা এটিএম আজম খান, কারমাইকেল কলেজের সাবেক জিএস আবুল কালাম আজাদ এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এসময় সাংসদ মাহবুবুর রহমান বেলাল বলেন, সরকারের পক্ষ থেকে এলাকার উন্নয়নে যে সব সাহায্য সহযোগিতা একজন সংসদ সদস্য হিসেবে আমি পাবো, সেসব জনগনের দোড় গোড়ায় শতভাগ সঠিক ভাবে পৌঁছে দেয়ার জন্য বদ্ধপরিকর । আপনারা আমাকে সহযোগিতা এবং দোয়া করবেন।

