সংসদে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে বিক্ষোভ: এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা

0
সংসদে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে বিক্ষোভ: এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদ অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের অভিযোগ তুলে বক্তব্য দেওয়ায় কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁর মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত জেলায় এনসিপির যেকোনো রাজনৈতিক কর্মসূচি প্রতিহত ও হাসনাত আবদুল্লাহকে বয়কটের হুমকি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের সময়কালের অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বর্তমান সরকারের ৬ মাসে খুন হয়েছে ১ হাজার ৭৮৯ জন এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১১ হাজার ১৬৫টি। এছাড়া পুলিশের ওপর হামলা ও গণপিটুনির প্রসঙ্গ টেনে তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে; যা জেলাটির সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী।

হাসনাতের উত্থাপিত পরিসংখ্যানের উৎস নিয়ে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্যের জবাবে বলেন, “এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি।” স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যেকোনো অপরাধী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ধরা পড়ছে। নির্দিষ্ট কোনো ব্যর্থতার তথ্য থাকলে সংসদ বিধিতে তা আলোচনার আহ্বান জানান তিনি।

হাসনাত আবদুল্লাহর ওই বক্তব্যকে স্থানীয় মূল্যবোধ ও ইসলামি সংস্কৃতির বিরুদ্ধে আখ্যা দিয়ে শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ প্রদর্শন করে।

শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রায় ১৫০-২০০ জনের একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত হেনে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সেজন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

ক্ষমা না চাওয়া পর্যন্ত শনিবার (২৯ আগস্ট) শিল্পকলা একাডেমিতে নির্ধারিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালাসহ দলের যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে হতে না দেওয়ার কঠোর ঘোষণা দেন বিক্ষোভকারীরা।